জীবননগরে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

আপলোড তারিখঃ 2023-12-03 ইং
জীবননগরে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, জীবননগর:
জীবননগরের আন্দুলবাড়ীয়া বাজারের এক ব্যবসায়ীর নিকট থেকে জীবননগর জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম’র নাম সম্বলিত পত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার সময় জনতার হাতে বলয় কুমার হালদার (৩৫) নামের এক যুবক আটক হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আন্দুলবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বলয় কুমার হালদার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের শ্রী ভবেশ হালদারের ছেলে।

জানা গেছে, বলয় কুমার হালদার নিজেকে জীবননগর পল্লী বিদ্যুতের কর্মচারী পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন মানুষকে বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে কৌশলে টাকা-পয়সা আত্মসাৎ করে আসছিল। এরই মধ্যে গতকাল আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা গ্রামের জিয়ারত আলীর ছেলে আতিয়ার রহমানের সেচপাম্প পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেওয়া মর্মে ৩৯ হাজার ১২ টাকায় চুক্তি করে। জীবননগর পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোহাম্মদ মুহাইমিনুন ইসলামের স্বাক্ষরবিহীন নাম সম্বলিত একটি চিঠি প্রস্তুত করে তা দেখিয়ে গতকাল বেলা ১১টার দিকে আতিয়ার রহমানের নিকট থেকে আন্দুলবাড়ীয়া বাজারে টাকা আনতে যায়। সেখানে চিঠিটি ভুয়া সন্দেহ হওয়ায় তাকে আটকিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে খোঁজ নিলে বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে জানা যায়। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভুক্তভোগী আতিয়ার রহমান বলেন, ‘বলয় হালদার আমার নিকট থেকে অগ্রিম হিসেবে ৯ হাজার ৩২০ টাকা নিয়ে আত্মসাৎ করেছে। তার প্রতারণা ধরতে না পারলে সে বাকি টাকাও আত্মসাৎ করতো।’

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের এজিএম মোহাম্মদ মুহাইমিনুন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনা শুনে ঘটনাস্থলে যায় এবং বলয় কুমার হালদার সকলের সামনে পল্লী বিদ্যুতের কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণাপূর্বক মানুষকে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে টাকা নেয়ার কথা স্বীকার করে। তাকে জীবননগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ বলেন, ঘটনার ব্যাপারে থানায় লিখিত এজাহার পাওয়া গেছে। মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)