গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের বেড় গ্রামে সাপের কামড়ে রকিবুল ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রকিবুল বেড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও বেড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। গতকাল শুক্রবার দুপুরে রকিবুল গ্রামের মাঠে ঘাস কাটতে গেলে তাকে সাপে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের জানালে তারা প্রথমে গাংনী হারিয়াদহ গ্রামের এক ওঝার নিকট নিয়ে যায়। সেখানে ওঝা সাপে কাটা রকিবুলকে পানি পড়া দেয়। সে পানি পড়া না খেলে রকিবুলকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্থানীয় একটি ক্লিনিকে কিছু পরীক্ষার জন্য পাঠালে সেখানে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, এদিন দুপুরে রকিবুল মাঠে ঘাস কাটতে গিয়ে একটি ক্ষেতের পাশ দিয়ে হাটছিল। এসময় একটি সাপে তাকে কামড় দেয়। সাপের কামরে সে অসুস্থ হলে, স্থানীয়রা তাকে গাংনী হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রকিবুল মারা যায়।
