ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী:
দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় ওয়েভ ফাউন্ডেশন হিজলগাড়ী ইউনিটে নারী গ্রাহকের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগে সংবাদ প্রকাশের পর সংস্থার পক্ষ থেকে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও ভুক্তভোগী গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, গত রোববার ওয়েভ ফাউন্ডেশন হিজলগাড়ী ইউনিট থেকে হিজলগাড়ী বাজারপাড়ার জাহিরুল ইসলামের স্ত্রী জিন্নাততারা ৭৫ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পর ওয়েভ ফাউন্ডেশন হিজলগাড়ী অফিস থেকে ক্যাশিয়ার ফাতেমা খাতুন মোবাইলফোনে গ্রাহক জিন্নাততারাকে বলেন, ‘৭৫ হাজার টাকার স্থলে ভুল করে তার কাছে আরও ১০ হাজার টাকা চলে গেছে। সেই টাকা দ্রুত অফিসে ফেরত দেওয়ার জন্য তাগাদা প্রদান করে তার সঙ্গে অশালীন আচরণ করেন। একই দিন রাত ৯টার দিকে ইউনিট ম্যানেজার শাহ আলম, ক্যাশিয়ার ফাতেমাসহ আরও ৪ জন ওই গ্রাহক জিন্নাততারার বাড়িতে গিয়ে জোরপূর্বক ঋণের ৭৫ হাজার টাকা ফেরত নিয়ে আসেন। পরের দিন জিন্নাততারা বিষয়টি হিজলগাড়ী প্রেসক্লাবে এসে জানালে প্রেসক্লাবের কয়েকজন সদস্য ঘটনার বিষয়ে জানতে ওয়েভ ফাউন্ডেশন হিজলগাড়ী ইউনিট অফিসে গেলে ইউনিট ম্যানেজার শাহ আলম ও ক্যাশিয়ার ফাতেমা সাংবাদিকদের সঙ্গে অপেশাদার আচরণ করেন। যা নিয়ে গতকাল মঙ্গলবার দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় প্রথম পাতায় সংবাদ প্রকাশিত হয়। যা দৃষ্টিগোচর হয় ওয়েভ ফাউন্ডেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।
সংস্থার পক্ষ থেকে গতকালই সিনিয়র রিজিওনাল ম্যানেজার জিল্লুর রহমান যুদ্ধকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বেইজ অফিসের সহকারী পরিচালক কিতাব আলী ও সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। গঠিত তদন্ত কমিটি গতকাল বেলা ৩টার দিকে সরেজমিনে হিজলগাড়ী ইউনিট অফিসে এসে তদন্ত করে ঘটনার সত্যতা পায়। পরে অভিযুক্ত ইউনিট ম্যানেজার শাহ আলম ও ক্যাশিয়ার ফাতেমার বিরুদ্ধে সংস্থার নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে স্থানীয় সাংবাদিক ও ভুক্তভোগী গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে। সেই সঙ্গে ঋণের ৭৫ হাজার টাকা উপস্থিত সকালের সামনেই পুনরায় গ্রাহক জিন্নাততারার হাতে তুলে দেয়।
এ বিষয়ে ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র রিজিওনাল ম্যানেজার জিল্লুর রহমান যুদ্ধ বলেন, ‘ওয়েভ ফাউন্ডেশন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। যা দেশের ৩৩টি জেলার সাধারণ মানুষের আর্ত সামাজিক ও জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম সুমানের সাথে পরিচালনা করে আসছে। হিজলগাড়ী ইউনিট অফিসে যে অনাক্ষণিত ঘটনাটি ঘটছে, তা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও ভুল বোঝাঝুঝি। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য সংস্থা সতর্ক দৃষ্টি রাখবে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সংস্থার প্রশাসনিক নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
