ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। ঈদুল আজহায় চুয়াডাঙ্গা শহর ও আশপাশের এলাকার মুসল্লিদের সুবিধা বিবেচনা করে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এদিকে আবহাওয়া অফিস ঈদের দিন চুয়াডাঙ্গা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। তাই আবহাওয়া খারাপ থাকলে নিজ নিজ এলাকার মসজিদে জামাত করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
জানা গেছে, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ তথা চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয় ময়দান প্রাঙ্গণে (চাঁদমারী মাঠ) সকাল সাড়ে ৭টায় ও পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত করতে সার্বিক কার্যক্রম ও বাস্তবায়নে থাকবে চুয়াডাঙ্গা পৌর মেয়র ও ঈদগাহ পরিচালনা কমিটি। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাত কোর্ট জামে মসজিদে অনুষ্ঠিত হতে পারে।
এদিকে চুয়াডাঙ্গা পৌর এলাকায় সম্ভাব্য ৩২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এরমধ্যে সদর উপজেলা পরিষদে সকাল সাড়ে ৭টায়, পুলিশ লাইন্স ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, কারাগার-সংলগ্ন ময়দানে সকাল ৮টায়, ভি. জে হাইস্কুল প্রাঙ্গণে সকাল সাড়ে সাতটায়, বুজরুক গড়গড়ি ও সিঅ্যান্ডবি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, হাটকালুগঞ্জ পুরাতন জামে মসজিদ ময়দানে সকাল ৮টায়, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ টায়, আদর্শ উচ্চবিদ্যালয় ময়দানে সকাল সাড়ে ৭টায়, সিনিয়র আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮টায়, বুজরুক গড়গড়ি মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮টায়, ইসলামপাড়া গোরস্তান জামে মসজিদে সকাল ৮টায়, চুয়াডাঙ্গা পৌর কলেজ-সংলগ্ন মাঠে সকাল ৮টায়, পলাশপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায়, ফার্মপাড়ার খাদেমুল ইসলাম ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বেলগাছী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, জিনতলা মল্লিকপাড়া জামে মসজিদে সাড়ে সাতটায়, পুরাতন গোরস্থানপাড়া জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা, আল-হেলাল ইসলামী একাডেমি মাঠে সকাল ৮টায়, নূরনগর-কলোনি জামে মসজিদে ৮টা, নূরনগর ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, বড় বাজার জাম মসজিদে সকাল সাড়ে ৭ টা, জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৭ টা, বুজরুক গড়গড়ি বনানীপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৭ সাতটা, ভিমরুল্লা ঈদগাহ ময়দানে সকাল ৮টা, সাতগাড়ি ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, দিগড়ি ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, তালতলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, সুমিরদিয়া আল আকসা ঈদগাহ ময়দান সকাল ৮টা, বায়তুস শিফা জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল ৮টা এবং মুসলিমপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, ‘২৮ জুন (আজ) এবং ঈদের দিন ২৯ জুন চুয়াডাঙ্গার ওপরে মৌসুমি বায়ু সক্রিয় থাকতে পারে। এই সময় চুয়াডাঙ্গা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দিনই। সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করে ঈদের জামাত ও কোরবানি করার জন্য অনুরোধ করা হয়েছে।’
