ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, শাহেদুল আলম, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাশেদ, বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ভালো ফুটবল খেলার পূর্ব শর্ত হলো নিয়মিত অনুশীলন করা। অনুশীলন না করে স্টেজে মারার কথা চিন্তা করলে কোনোদিনও ভালো ফলাফল বয়ে আনবে না। তাই মাদক ছেড়ে নিয়মিত খেলাধুলা খেললে শরীর মন যেমন ভালো থাকে, তেমনি লেখাপড়া ও অন্যান্য যে কোনো কাজে মনোযোগ বাড়ে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল ২০২২ সালের ৩১ শে ডিসেম্বর। কিছুদিন বিরতির পর আবারো সেই খেলাটি দেশব্যাপী শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই টুর্নামেন্ট উদ্বোধনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনোদন এবং শারীরিক ও মানসিক উৎকর্ষতা বিধানের জন্য টুর্নামেন্টের আয়োজন করেছেন। আপনারা জানেন যে বঙ্গবন্ধু একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি খেলাধুলাকে ভালোবাসতেন। তিনি তার সন্তানদেরকেও বিভিন্ন খেলাধুলায় পারদর্শী করে তুলেছিলেন। আজকে তারই কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার নামে দেশ বা বিদেশে টুর্নামেন্টের আয়োজন করে এই খেলোয়াড়দের মধ্যেই যেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ভাই শেখ কামাল, শেখ জামাল, শেখ সুলতানা কামাল, শেখ রাসেলসহ পরিবারের সদস্যদেরকে খুঁজে পান। এছাড়া দেশব্যাপী এই টুর্নামেন্টের আয়োজনের মধ্যদিয়ে বাছাইকৃত ভালো টিম বা খেলোয়াড় যেন বাংলাদেশ জাতীয় দলে খেলে দেশের ফুটবলকে সমৃদ্ধ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি।’
উদ্বোধন অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ফেস্টুন, বেলুন উড্ডয়ন ও ফুটবলে কিক অফ করে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অতিথিবৃন্দ। উদ্বোধন খেলায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ টাইব্রেকারে ১ (৫)-১ (৪) গোলে চুয়াডাঙ্গা সরকারি কলেজকে পরাজিত করে শুভসূচনা করে। উদ্বোধন দিনের অপর খেলায় বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ ১৯ গোলে বদরগঞ্জ ডিগ্রি কলেজকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাবেক কৃতী ফুটবলার সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার, সদ্য সাবেক ফুটবলার হেজি, তরিকুল ইসলাম তরু, টিপু সুলতানসহ বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
জমকালো আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানটি উপস্থাপনা এবং খেলার ধারাভাষ্য প্রদান করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকির। গতকালের ম্যাচ দুটি পরিচালনা করেন ইখতিয়ার আহমেদ, আজিজুল হক শীল, হাফিজুর রহমান, লিটা হোসেন, পারভেজ ও ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার সালাউদ্দিন বিশ্বাস মিলন ও নাসির আহাদ জোয়ার্দ্দার।
এদিকে টুর্নামেন্টের পরবর্তী ৩টি ম্যাচ আজ আলমডাঙ্গার ‘বি’ টিম মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ও এম এস জোহা ডিগ্রি কলেজের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচে একই মাঠে খাসকররা কলেজ মুখোমুখি হবে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের বিপক্ষে এবং বিকেল পাঁচটায় আলমডাঙ্গা ‘বি’ টিম মাঠে মুখোমুখি হবে আফসার উদ্দিন কলেজ গোকুলখালি ও এম এস জোহা কৃষি কলেজ হারদী কলেজ। উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা জেলায় সর্বমোট ১৭টি কলেজকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
