ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ২৫৪ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মৃত মশলেম শেখের ছেলে ফারুক হোসেন (৪৯), আলমডাঙ্গার গোকুলখালী বাজারপাড়ার মৃত মোজাফফর হোসেনের ছেলে গোলাম সরোয়ার রনি (৩৫) ও দর্শনা থানার ঠাকুরপুর মাঝেরপাড়ার মৃত নজির আহাম্মদের ছেলে তারিকুল ইসলাম (৩৮)। আটককৃতদের মধ্যে ফারুক হোসেন ও গোলাম সরোয়ার রনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া। অপরদিকে, তারিকুল ইসলামকে নিয়মিত মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়ার নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা ১টার দিকে সদর উপজেলা ভালাইপুর মোড়ে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ফারুক হোসেনকে আটক করে। বেলা সোয়া ১টার দিকে ভালাইপুর মোড়ের হীরা মার্কেটের পেছনে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গোলাম সরোয়ার রনিকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফারুক হোসেন ও সোলাম সরোয়ার রনিকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং উভয়কেই ৫০ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, গতকাল রোববার বেলা সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক নাজমুল হোসেন খান, উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালান। এ সময় বাজারের এমএম ট্রেডার্সের পাশ থেকে ২৫০ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তারিকুল ইসলামকে আটক করে। আটক তারিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
