কৃষকের পাঁচ বিঘা জমির পাট গাছ কাটল দুর্বৃত্তরা

আপলোড তারিখঃ 2023-06-03 ইং
কৃষকের পাঁচ বিঘা জমির পাট গাছ কাটল দুর্বৃত্তরা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে রাতের আঁধারে নজিম উদ্দিন নামের এক কৃষকের পাঁচ বিঘা জমির পাট গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের খালের ধার মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক একই গ্রামের জোয়াদ আলীর ছেলে। নজিম উদ্দিন জানান, তিনি এবার ১২ বিঘা জমিতে পাটের চাষ করেছেন। এর মধ্যে ওই মাঠে ছিল পাঁচ বিঘা। গত শুক্রবার রাতের কোনো এক সময় কে বা কারা তার পাঁচ বিঘা জমির পাট গাছের মাধা কেটে দিয়েছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, পাঁচ মাস আগে তার প্রায় ৩০ হাজার আঁটি বিচালি, ধান ও পাটকাঠি পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। তিনি দাবি করেন, পাশের শড়াবাড়িয়া গ্রামের আনিচ নামের এক যুবক তার মেয়েকে বিরক্ত করে। ওই যুবকই এসব করছে বলে তার ধারণা। এ বিষয়ে কথা বলতে আনিচ নামের ওই যুবকের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। রঘুনাথপুর ইউপির চেয়ারম্যান বসির উদ্দিন বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। এর আগেও ওই কৃষকের অনেক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। সেসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, সরেজমিনে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)