ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় পাওনা টাকা চাওয়া নিয়ে লাহামুন ইসলাম (২১) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বেলা ৪ টার দিকে দর্শনা শাপলা পার্ক এলাকার ফকির চাঁদের ছেলে এনামুল তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। লাহামুন ইসলাম দর্শনা সরকারি কলেজের ছাত্র।
লাহামুন ইসলাম অভিযোগ করে বলেন, ‘কিছুদিন পূর্বে এনামুল আমার থেকে সাত হাজার টাকা ধার নেয় ফ্রিজ কেনার কথা বলে। কয়েকদিনের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও দেয়না। টাকা ফেরত নিতে গেলে আমাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে এনামুল তার স্ত্রীর সাহায্যে আমাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করে।’
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন জানান, লাহামুনের দুই হাত ও কানে ধারালো অস্ত্রের আঘাতে জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
