ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক পত্নী রেবেকা সুলতানা বিভার নিজ বাড়ির টবে লাগানো গাছে এসেছে রাতের রাণী নাইট কুইন। গত দু’দিন ধরে গাছটিতে কুড়ি দেখা যায়। এরপর গতকাল শুক্রবার রাত ১০টা ১৫মিনিট থেকে রাতের রাণীর আগমন ঘটে। দীর্ঘ ১বছর ২মাসের পরিচর্যার পর বিরল প্রজাতির আকর্ষণীয় এই ফুলের সৌন্দর্য ও গন্ধে আকৃষ্ট হতে পেরেছেন প্রধান সম্পাদক পরিবারের সদস্যরা। রাতেই ফুলের টবটিকে বাড়ি থেকে এনে সময়ের সমীকরণ’র প্রধান কার্যালয়ে রাখেন বার্তা সম্পাদক হুসাইন মালিক। নাইট কুইন ফুলটি দেখতে ছুটে আসেন কর্মরত সংবাদকর্মীরা।
ফুলটিকে রাতের রানী বলা হয়। সাদা রং এর ফুলের ভেতর ঘিয়ে রং এর আবরণ ও সুমিষ্ট গন্ধ নাইট কুইনকে দিয়েছে রাজকীয় চেহারা। এ কারণেই গভীররাতেও নাইট কুইন দেখতে অন্য রকম সুন্দর। রাতের সঙ্গে নাইট কুইন ফুলের বিশেষ সম্পর্ক। রাতের বুকচিরে অনিন্দ্য সৌন্দর্য নিয়ে রাতের রানী পৃথিবীতে এসে হাজির হয়; আবার রাতের অন্ধকার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হারিয়ে যায় সে।
বিগত ১ বছর দু’মাস আগে দর্শনা থেকে নাইট কুইনের চারাটি কিনে আনেন প্রধান সম্পাদক পত্নী রেবেকা সুলতানা বিভা। এরপর থেকে গাছটিকে পরিচর্যা করে আসছিলেন প্রধান সম্পাদকের মাতা আনোয়ারা বেগম। ছেলে-বউ আর একমাত্র নাতনিকে নিয়ে খুব স্বাচ্ছন্দে থাকতেন আনোয়ারা বেগম। ব্যস্ত সময় পার করতেন বাড়ির আঙিনায় লাগানো ফুলের গাছ পরিচর্যা করে আর ঘুরেফিরে। পুত্র নাজমুল হক স্বপন সারারাত সময়ের সমীকরণ অফিসে কর্ম চাঞ্চল্যমগ্নতা শেষে ভোরে বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়েন। সকালে কোন এক সময় ঘুম থেকে উঠে বারান্দায় টেবিলের উপর রাখা পত্রিকাগুলোতে চোখ বুলিয়ে হাত/মুখ ধুয়ে আবারো চলে যান পত্রিকা অফিসে। তারপর সারাদিন ব্যাক্তিগত কাজে ব্যস্ত থাকেন। চাকুরী সূত্রে পুত্রবধূ রেবেকা সুলতানা বিভা সারাদিন অফিসের কাজ শেষে পড়ন্ত বিকালে ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। একমাত্র নাতনি প্রেরণা সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত। তবে সময় পেলে সেও গাছ-গাছালি পরিচর্যায় সময় দেয়। এদিকে কোন বিশেষ প্রয়োজনে প্রধান সম্পাদকের বাড়িতে গেলেই দেখা পাওয়া যেতো প্রধান সম্পাদকের মাতা আনোয়ারা বেগমের। দেখা হলেই কোন না কোন প্রশ্ন করতেন। ‘কী দরকার বাবা, কে তুমি, নাম কী তোমার, কোথায় থাকো’ প্রশ্নগুলো আজও কানে বাজে, শুধু তিনি নেই। সকলকে কাঁদিয়ে গত ২৪ জুলাই কোর্টপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তারপর থেকে শত ব্যস্ততার মাঝে সময় মত গাছটির পরিচর্যা করতেন প্রধান সম্পাদক পত্নী রেবেকা সুলতানা বিভা। তাঁর নিবিড় পরিচর্যায় অপরুপ সৌন্দর্যের নাইট কুইনের দেখা মিলেছে গতকাল রাতে। তবে রাতের অন্ধকার শেষ হওয়ার সাথে সাথে মুখ লুকিয়ে হারিয়ে যাবে রাতের রাণী।
