ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর আশতলাপাড়ায় একটি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে ১৫টি পরিবার। জানা গেছে, জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আশতলাপাড়ার বদর উদ্দিন ও ফনিজ উদ্দিনের জমির মাঝখান দিয়ে একটি রাস্তা ছিল। স্থানীয় ১৫টি পরিবার এই রাস্তা ব্যবহার করত। সম্প্রতি ওই রাস্তার জমির মালিকানা দাবি করেন ফনিজ উদ্দিন। বদর উদ্দিনসহ ওই ১৫টি পরিবারের কাউকে রাস্তা দিয়ে চলাচল করতে দিচ্ছেন না তিনি। গত শনিবার রাতে রাস্তায় বেড়া দিয়ে দেন তিনি।
বদর উদ্দিন বলেন, ‘বাপ-দাদাদের চলার পথ আজ ঘিরে দেওয়া হয়েছে। সেই জমি ফনিজ উদ্দিন ও তার ছেলেরা জোরপূর্বক দখল করে রাতের আধারে ঘিরে দিয়েছে। ফনিজ উদ্দিনের নিকট থেকে আমি রাস্তার জন্য জমি কিনেছিলাম। রাস্তার ঘিরে দেওয়ায় ১৫টি পরিবারের লোকজন চরম দুর্ভোগের মধ্যে দিনযাপন করছে। আমরা জীবননগর পৌরসভায় ও জীবননগর থানায় রাস্তা ঘিরে রাখার বিষয়ে অভিযোগ করেছি।’ এ বিষয়ে ফনিজ উদ্দিনের সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে গেলে তিনি জমির বিষয় কোনো কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম বলেন, আশতলাপাড়ার ফনিজ উদ্দিন জোরপূর্বক রাস্তার জমি ঘিরে নিয়েছেন বলে পৌরসভায় একটি অভিযোগ এসেছে। দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
