ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
প্রজন্মকে ধৈর্য্য সহনশীল সুনগারিক হিসেবে গড়ে তুলতে পরিবারের প্রবীণ সদস্যদের আন্তরিক ও যত্মবান হওয়ার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, তুচ্ছ বিষয় নিয়ে রক্তাক্ত হানাহানি কোনো সভ্য সমাজের ছবি নয়। আইনশৃঙ্খলাই শুধু নয়, সমাজকে নান্দনিক সুন্দর ও শান্তিপূর্ণ করতে হলে সমাজের সকলকে নিজ নিজ অবস্থানে থেকে নিজের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা প্রয়োজন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাসহ কয়েকটি বিষয়ে নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। এসব সভার সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত আহ্বান জানান। তিনি গত মাসে বাঙালির বৃহৎ সম্মিলিত আয়োজনে বাংলা বর্ষবরণ এবং পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সন্তোষ প্রকাশ করেন। চুয়াডাঙ্গায় টানা তাপদাহসহ বৈরি আবহাওয়ার নানা দিক তুলে ধরে সড়কের দুপাশে এবং বাড়ির আঙিনায় থাকা গাছপালার ঝুকিপূর্ণ ডাল দ্রুততম সময়ে কেটে অপসারণের তাগিদ দেন। ঝড় বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে যাতে কম ক্ষতি করতে পাওে, সে লক্ষে সকলকে সজাগ থাকার কথা মনে করিয়ে দেন।
জেলা প্রশাসক বলেন, আইনশৃঙ্খলা চলমান প্রক্রিয়া। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লি¬ষ্ট সকল সংস্থা যথাযথভাবেই দায়িত্ব পালন করছে। এর মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা হতবাক করলেও হতাশ হলে চলবে না। নিজ নিজ অবস্থানে থেকে সুচারুভাবে দায়িত্বপালন অবশ্যই চুয়াডাঙ্গার পরিবেশ প্রত্যাশিত পর্যায়েই থাকবে। বাল্যবিবাহ রোধসহ ধর্মান্ধতা পরিহারে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। এদিকে ইমাম সমাজকে বিশেষভাবে আন্তরিক হওয়া প্রয়োজন রয়েছে। সড়ক দুর্ঘটনা হ্রাসে পথচারী, চালকদের আরও দায়িত্বশীলতা প্রয়োজন।
চুয়াডাঙ্গা ভায়া যশোর রোডে বাস চলাচলে দীর্ঘদিন ধরে একটি সমস্যা রয়েই গেছে। ঝিনাইদহ ও যশোর জেলার সাথে সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা নিরসনে আরও আন্তরিক প্রচেষ্টা চলানো হবে। শিক্ষার মান বৃদ্ধিতে বিদ্যালয়গুলোতে পাঠদান শতভাগ নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে অনমনীয় অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আপস চলবে না।
আইনশৃঙ্খলা কমিটির সভায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল¬াহ আল-মামুন তাঁর বক্তব্যে বলেন, গত মাসে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। যার মধ্যে দুটি বাদে সকল মামলার আসামি শনাক্ত করে আদালতে সোপর্দ করা সম্ভব হয়েছে। বাকি দুটি মামলার তদন্তও অনেক দূর এগিয়েছে। সম্প্রতি একটি অপহরণের ঘটনা ঘটার সাথে সাথে দ্রুত অভিযান চালিয়ে অপহরণকারীকে কুমিল¬া থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃতকেও উদ্ধার করা হয়েছে। ছোট খাটো অপরাধ প্রবণতা রোধে পুলিশ সর্বদা সজাগ থেকে দায়িত্ব পালন করছে। পারিবারিক কিম্বা তুচ্ছ ঘটনা নিয়ে হানাহানি হ্রাসে পারিবারিকভাবে সচেতনতার প্রয়োজন রয়েছে।
সভায় বিজিবি-৬ এর অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি ইঞ্জিনিয়ার বক্তব্যে বলেন, সীমান্ত রক্ষায় বিজিবি অতন্ত্র প্রহরী। চোরাচালান রোধে বিরামহীন অভিযান চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে শতভাগ সাফল্যের জন্য সীমান্তবর্তী গ্রামগুলোর সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সীমান্তের সাধারণ মানুষের মধ্যে দেশাত্ববোধ জাগিয়ে তুলতে প্রয়োজন এলাকার জনপ্রতিনিধিদের আন্তরিক প্রচেষ্টা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকসহ সকল প্রকার চোরাচালান রোধ করা সম্ভব। ৬ বিজিবি এ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
মাসিক আইনশৃঙ্খলা, জেলার নারী ও শিশু নির্যাতন প্রধিরোধ কমিটির সভাসহ অনুষ্ঠিত কয়েকটি সভায় উপস্থিত থেকে অভিমত ব্যক্ত করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নন, প্রচার সম্পাদক শওকত মাহমুদ, বিশেষ পিপি অ্যাড. আবু তালেব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চুয়াডাঙ্গা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাকসুদা জান্নাত, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়ত উল¬াহ, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চেম্বার প্রতিনিধি নাসির আহাদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সনি প্রমুখ। সভায় চুয়াডাঙ্গায় শিক্ষার মান বৃদ্ধিতে বিদ্যালয়গুলোতে পঠন পাঠনের পূর্ণ পরিবেশ গঠনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায়।
