ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৭৩০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া।
সাজাপ্রাপ্তরা হলেন, দামুড়হুদা উপজেলার বেগোপাড়ার মৃত শহীদ ইসলামের ছেলে আরিফ ইসলাম (২২), চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার বাবু মন্ডলের ছেলে স্বপন মন্ডল (২২) এবং শহরের বড় মসজিদপাড়ার মৃত আজিবর মন্ডলের ছেলে তপন মন্ডল (৪৮)। গতকাল সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে আরও জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান। এসময় শহরের হকপাড়া ফুড গোডাউনের পেছন থেকে ১১০ গ্রাম গাঁজাসহ আরিফ ইসলামকে, রেলপাড়ার থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ স্বপন মন্ডলকে এবং ২২০ গ্রাম গাঁজাসহ তপন মন্ডলকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে ১০০ টাকা করে জরিমানা করেন। গতকালই তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
