ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরে ভৈরব নদে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মো. ইলিয়াছ হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের ইসলামপুর খালের মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকী। জরিমানাপ্রাপ্ত ইলিয়াছ একই উপজেলার আশরাফপুর গ্রামের মৃত মহাসীন বিশ্বাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী জানান, ইসলামপুর খালের মাঠে ইট প্রস্তুত করার উদ্দেশে অবৈধভাবে ভৈরব নদের মাটি উত্তোলন করছে -এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সত্যতা পাওয়ায় ও অপরাধ স্বীকার করায় ইলিয়াছ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), মেহেরপুর ও সদর থানা পুলিশ সহযোগিতা করে।
