ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো. হামিদুর রহমান।
এর আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সদস্য এপিএ এক্সপাট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো. হামিদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের এই মাটি উর্বর। এই মাটি দখল করতে ইঙ্গ, বঙ্গ, মোগল, পাঠানরা প্রায় ১ হাজার বছর চেষ্টা করেছে। তিনি বলেন, জাতির পিতা বুঝেছিলেন বাংলাদের এই মাটি সোনার চেয়েও খাটি। বঙ্গবন্ধুর দূরদর্শিতায় কৃষি সেক্টর আজ এতদূর এগিয়েছে। এর মূল কারণ তিনি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যারা কৃষি বিভাগে চাকরি করবে, তাদের প্রথম শ্রেণির গেজেটে অফিসারের মর্যাদা দিয়েছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। অতিথি ছিলেন প্রফেসর ড. খন্দকার শরিফুল ইসলাম, প্রফেসর ড. মাহবুবা জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম।
কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরোয়ার্দি। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার রেহানা পারভীন ও বিআরডিবি অফিসার আব্দুল মান্নান। কৃষকদের মধ্যে বক্তব্য দেন খাদিমপুরের কৃষক জহির উদ্দিন জোয়ার্দ্দার, কালিদাশপুরের পাইকপাড়ার মাশরুম চাষী জাহিদুল ইসলাম প্রমুখ।
