ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটের সকল কার্যক্রম। নির্বাচনে বিপুল ভোট পেয়ে বিজয়ী হন আব্দুল মতিন প্যানেলের পাঁচ সদস্য। বিজয়ী প্যানেলের নাম প্রকাশ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। এরপর গড়াইটুপি থেকে খাড়াগোদা বাজার পর্যন্ত আনন্দ শোভাযাত্রা করে মতিন সমর্থক-কর্মীসহ স্থানীয় জনতা।
নির্বাচনের আগে নির্বাচনী এলাকায় উত্তেজনা বিরাজ করলেও অতিরিক্ত পুলিশ মোতায়েনের মধ্যে শান্তশিষ্টভাবে ভোট সম্পন্ন হয়। নির্বাচনে মতিন প্যানেলের আনারস মার্কায় সর্বোচ্চ ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয় আশরাফ আলী। এছাড়া আরিফ বিল্লাহ হরিণ মার্কায় ২৯২ ভোট , কামাল হোসেন গরুরগাড়ী মার্কায় ২৬৭ ভোট ও রবিউল ইসলাম ফুটবল মার্কায় ২৭৫ ভোট পান। এবং সংরক্ষিত মহিলা সদস্য উম্মে কুলসুম কলস মার্কা নিয়ে ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।
এদিকে রাতুল হাসানের কেটিজিএম প্যানেলের আজিজুর রহমান ছাতা মার্কায় ১৮৮ ভোট, মোমিনুর রহমান মোরগ মার্কায় ১৯৭ ভোট, সাইফুল ইসলাম মই মার্কায় ২০৫ ভোট, সোহেল রানা বাইসাইকেল মার্কায় ১৬৯ ভোট ও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ফেরদৌসী আরা মাছ মার্কায় ১৭২ ভোট পেয়ে পরাজয় বরণ করে। এছাড়া পুরুষ ভোট ৫২ ও নারী ৩২ ভোট বাতিল বলে গণ্য হয়েছে।
এ বিষয়ে বিজয়ী সভাপতি আব্দুল মতিন খোকন বলেন, ‘পূর্বে আমি সভাপতির জায়গায় ছিলাম, আমি ক্ষমতায় থাকাকালীন সময় বিদ্যালয়ের সকল প্রকার উন্নয়নমূলক কাজ করেছি। আবার নির্বাচিত হলাম, আশা করি পূর্বের সভাপতিগণের চেয়ে সর্বাধিক উন্নয়ন ঘটাতে পারব।’
