ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
আবারও চুয়াডাঙ্গা জেলার তৃতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পুরস্কার পেলেন বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী ওসমান গনি রতন। ২০২১-২০২২ করবর্ষে তিনি এ সম্মাননা পেয়েছেন। গতকাল বুধবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে তাঁর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার হয়।
কর অঞ্চল-খুলনার আয়োজনে কর অঞ্চল-খুলনার কর কমিশনার মো. সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য শফিকুল ইসলাম আকন্দ, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন, কর আপীল অঞ্চল খুলনার কর কমিশনার আ.স.ম. ওয়াহিদুজ্জামান, খুলনা এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মুহম্মদ জাকির হোসেন ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এই স্বীকৃতি প্রদান করা হয়। জেলার সেরা করদাতার সম্মাননা পুরস্কার পাওয়ায় বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি রতনকে নানা শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি রতন ২০১৬ সালেও জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হন। তিনি সমাজে দানশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত। সম্প্রতি তিনি চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় বেশ কয়েকটি উন্নতমানের চেয়ার ও টেবিল উপহার দিয়েছেন। এছাড়াও সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি ভূমিকা পালন করেন। নিজেকে সম্পৃক্ত রেখেছেন ভালো কাজের সাথে।
