ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সংগঠন শীতার্তদের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ করছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা ও জীববনগরে পৃথকভাবে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা:
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চুয়াডাঙ্গার উদ্যোগে শীতার্ত শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)- চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স পুনাক কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুনাক-এর সভানেত্রী ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজির সহধর্মিনী খুলনা রেঞ্জ পুনাক সভানেত্রী রওশন জাহান নুপুর।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কালের বিবর্তণে অনেকেই শীতের আগামবার্তা পেয়েও শীতে কষ্ট করে। পুনাকসহ সমাজে বসবাসকারী সকল বিত্তবান মানুষকে তাদের সহায়তায় এগিয়ে আসতে হবে। এসময় তিনি চুয়াডাঙ্গা পুনাকের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে নির্দেশনা প্রদান করেছেন। বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুনাকের সহসভানেত্রী শারমিন আক্তার ও সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন। এছাড়াও চুয়াডাঙ্গা পুনাক সদস্যবৃন্দ, নারী পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জীবননগর:
জীবননগরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র চাঁদর বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আফজাল ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে ১শ পিস চাঁদর বিতরণ করা হয়। আফজাল ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, পৌর কাউন্সিলর খোকন, ব্যবসায়ী আব্দুল হান্নান, জীবননগর আড়ৎদার সমিতির সভাপতি রফিকুল ইসলাম পচা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ১শ জন হতদরিদ্র শীতার্ত মহিলাদের মাঝে শীতবস্ত্র চাঁদর বিতরণ করেন। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন জীবননগর বাজারের বিশিষ্ট ভূষি মাল ব্যবসায়ী ও জীবননগর আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।
