ঝিনাইদহে ট্রমা হাসপাতালের পর খাবার স্যালাইন ফ্যাক্টরির প্রকল্পও বাতিল

আপলোড তারিখঃ 2022-12-24 ইং
ঝিনাইদহে ট্রমা হাসপাতালের পর খাবার স্যালাইন ফ্যাক্টরির প্রকল্পও বাতিল ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: নির্মাণের পর দীর্ঘ ১৫ বছর পার হলেও আর চালু হচ্ছে না ঝিনাইদহ ওরাল স্যালাইন ফ্যাক্টরি। স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টির অভাবে এই প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এর পূর্বে জেলার ট্রমা হাসপাতালের বরাদ্দও বাতিল হয়েছে। এনিয়ে জেলাবাসীর মনে ক্ষোভ বিরাজ করছে। অনেকে বলছেন, মানুষ চেয়ে পায় না, আর দুই দুটি সরকারি প্রতিষ্ঠান সাবেক সংসদ সদস্য মরহুম মশিউর রহমান প্রতিষ্ঠিত করলেও তা বাতিল হয়ে গেলো। এখন স্যালাইন ফ্যাক্টরির ভবনটির কি গতি হবে তাও বলতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় এখন ফ্যাক্টরিটিকে কোভিড টিকাদান কেন্দ্র করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সূত্রে জানা যায়, ২০০৪ সালে একটি প্রকল্পের আওতায় ঝিনাইদহ শহরের মদনমোহনপাড়ার পুরাতন হাসপাতালের পাশে ওরাল স্যালাইন ফ্যাক্টরিটি নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষ হয় ২০০৭ সালে। এরপর স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। কথা ছিল এ ফ্যাক্টরিতে স্যালাইন তৈরি হবে। এ স্যলাইন আশেপাশের জেলার সরকারি হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে। ব্যবহৃত হবে রোগীদের চিকিৎসায়। বিশেষ করে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় এই ফ্যাক্টরি ভূমিকা রাখবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোন লোকবল নিয়োগ হয়নি। সরবরাহ করা হয়নি স্যালাইন তৈরির যন্ত্রপাতি। ফলে কাজে আসছে না প্রতিষ্ঠান ভবনটি। প্রতিষ্ঠানটির ঠিকাদার জাহিদ হোসেন জানান, স্যালাইন ফ্যাক্টরি নির্মাণে ৯২ লাখ টাকা ব্যয় হয়েছিল। কিন্তু নির্মাণের পর থেকে ভবনটি পড়ে আছে। তিনি বলেন, পরবর্তীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা একটু তৎপর হলেই প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হতো। এ বিষয়ে জেলার মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু বলেন, অনেক টাকা ব্যয়ে এ স্যালাইন ফ্যাক্টরিটি নির্মাণ করা হয়। এটি দীর্ঘদিন যাবত পড়ে থেকে নষ্ট হচ্ছে। ব্যাহত হচ্ছে নির্মাণের উদ্দেশ্য। তিনি এই প্রকল্পটি বাতিল না করে চালুর দাবি করেন। জেলার সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, অনেক আগে স্যালাইন ফ্যাক্টরিটি নির্মাণ করা হয়। লোকবল ও যন্ত্রপাতি সরবরাহ না করায় চালু হয়নি।’ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, যশোরে একটি স্যালাইন ফ্যাক্টরি আছে। যে কারণে পাশের জেলা ঝিনাইদহে আরেকটি ওরাল স্যালাইন ফ্যাক্টরি চালুর যৌতিকতা আছে বলে মনে করছেন না কর্তৃপক্ষ। আর ভবনটি অন্য ভাবে ব্যবহারের কথা চিন্তা করা হচ্ছে বলে তিনি জানান। এদিকে ঝিনাইদহ দুর্ঘটনা প্রবন এলাকা হওয়ায় সাবেক সংসদ সদস্য মরহুম মশিউর রহমান জেলায় একটি ট্রমা সেন্টারের বরাদ্দ নিয়ে আসেন। কিন্তু জমি অধিগ্রহনে জটিলতা থাকায় সেটিও বাতিল হয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ার সুবাদে বিএনপির সাবেক এমপি সদ্য প্রয়াত মশিউর রহমান ঝিনাইদহ শহরে শিশু হাসপাতাল, ডয়াবেটিক হাসপাতাল, চক্ষু হাসপাতাল, খাবার স্যালাইন ফ্যাক্টরি, ট্রমা হাসপাতাল, হরিণাকুণ্ডতে বিএসসি নার্সিং ট্রেনিং কেন্দ্র, করোনারি কেয়ার ইউনিট, নার্সিং ইন্সটিটিউট, ম্যাটস, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি, মুক ও বধির স্কুল, পলিটেকটিক ইন্সটিটিউট, বিআরটিএ ট্রেনিং সেন্টার, সরকারি ভেটেরিনারি কলেজ, কৃষি ইন্সটিটিউট, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রসহ অসংখ্য সরকারি প্রতিষ্ঠান স্থাপন করে নজীর সৃষ্টি করেন। কিন্তু পরবর্তীতে তিনি আর সংসদ সদস্য নির্বাচিত না হওয়ায় এসব প্রতিষ্ঠান জনবল সংকট ও যন্ত্রপাতির অভিাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে। এর মধ্যে জেলাবাসীর জন্য অতি গুরুত্বপূর্ণ খাবার স্যালাইন ফ্যাক্টরি ও ট্রমা হাসপাতাল স্থাপন প্রকল্প বাতিল হয়ে গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)