ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে পিতার ইচ্ছা পূরণ করতে হাতির পিঠে চড়ে রাজকীয় পোশাক ও হাতে তরবারি নিয়ে বিয়ে করতে গেলেন রাফাতুজ্জামান প্রান্ত নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাতির পিঠে চড়ে শহরের ব্যাপারীপাড়ার পাগলকানাই থেকে পায়রা চত্বর ঘুরে ঝিনাইদহ জোহান পার্কের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সুসজ্জিত হাতি ও বরকে দেখার জন্য রাস্তার দুই পাশে উৎসুখ জনতা ভিড় জমায়। বর রাফাতুজ্জামান প্রান্ত ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার পাগলাকানাই এলাকার এনজিও কর্মকর্তা আবু বকর ও বদরুন নাহার রুমা দম্পত্তির ছেলে।
আবু বকর জানান, তার দীর্ঘদিনের শখ ছেলেকে হাতির পিঠে বর সাজিয়ে বিয়ে দিবেন। সেই ইচ্ছা পূরণ করতেই ছেলেকে রাজকীয় সাজে সজ্জিত করে হাতির পিঠে উঠিয়ে কনের বাড়িতে পাঠান।
জানা গেছে, ঝিনাইদহ শহরের সিঅ্যান্ডবি পুকুরপাড় এলাকার উপ-শহরপাড়ার মীর আমিরুল ইসলাম সেলিম ও শাহানারা পারভীন রঞ্জু দম্পত্তির মেয়ে জান্নাতুল ফিজা উম্মির সঙ্গে প্রান্তর বিয়ে অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর দুইটার দিকে বরযাত্রী নিয়ে রাফাতুজ্জামান প্রান্ত বিয়ের অনুষ্ঠানের হাজির হন। বর পক্ষের অন্যান্য লোকজন মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে বিয়ের অনুষ্ঠানে পৌঁছান।
বিষয়টি নিয়ে উপ-শহরপাড়ার আব্দুর রকিব জানান, প্রতিবেশির মেয়েকে হাতির পিঠে চড়ে বিয়ে করতে আশায় মহল্লাবাসি বেশি আনন্দিত। তারা নব-দম্পত্তিকে মোবারকবাদ জানিয়ে বরণ করে নেন।’
