ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বিশ্বাস করুন আর নাই করুন ঝিনাইদহের শৈলকুপার নাগিরহাট গ্রামে একটি গাভী ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। গত বুধবার মধ্যরাতে ওই গ্রামের আতিয়ার রহমান মণ্ডলের বাড়িতে বাছুরটির জন্ম হয়। ছয় পা বিশিষ্ট বাছুর জন্ম হওয়ার কথা শুনে আশপাশ গ্রামের মানুষ বাছুরটি দেখতে ভীড় জমাচ্ছে।
শৈলকুপার গণমাধ্যম কর্মী সম্রাট হোসেন জানান, তিনি খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে নাগিরহাট গ্রামে গিয়ে বাছুরটি দেখে এসেছেন। বাছুরটি পুরোপুরি সুস্থ আছে। নাগিরহাট গ্রামের নেকবার আলী শেখ ও আব্দুস সালাম জানান, বাছুরের পিঠে অতিরিক্ত দুটি পা রয়েছে। অতিরিক্ত দুটি পা বহন করতে সদ্য জন্ম নেয়া বাছুরটির বেশ কষ্ট হচ্ছে।
প্রতিবেশী কাসাদ আলী শেখ জানান, আতিয়ার মণ্ডলের গাভীটি বুধবার মধ্যরাতে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। জন্মের পর থেকে এখনো বাছুরটি সুস্থ রয়েছে।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকার জানান, এটা ব্যতিক্রম কিছুই না, জি¦নগত সমস্যা। তবে এটা অপারেশন করে অপসারণ করা যেতে পারে। তিনি গরু পালনকারীকে শৈলকুপা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন।
