ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি ও টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ফার্মেসি মালিককে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নুর। সাজাপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গার পাঁচলিয়া মানিকনগর গ্রামের মৃত আজগর মোল্লার ছেলে টুটুল মোল্লা (৫৫) এবং মধুপুর দক্ষিণপাড়ার মৃত আলী হোসেনের ছেলে ও জামজামি বাজারের সাব্বির মেডিকেল হলের মালিক ওয়াহেদুজ্জামান (৩৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে টুটুল মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ১ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে বেলা আড়াইটার দিকে আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজারের সাব্বির মেডিকেল হলে অভিযান চালায়। এসময় সেখান থেকে ২১ পিস নিষিদ্ধ টাপেন্ডাডল ট্যাবলেট ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে টুটুল মোল্লাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে সাব্বির মেডিকেল হলের মালিক ওয়াহেদুজ্জামানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে আরও ২ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
