ছবির ক্যাপশন:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
দর্শনায় গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার বিকেলে দর্শনার থানার চন্ডিপুর ও কুড়ুলগাছিতে অভিযান চালিয়ে ১ কেজি ৪১০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজাসহ জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- চন্ডিপুর খালপাড়ার লিয়াকত আলীর ছেলে লাল্টু মিয়া (৪৫) ও কুড়ুলগাছি পশ্চিমপুড়ার আনারুলের ছেলে আব্দুল আলিম (৩৯)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে লাল্টু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৩১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুল আলিমের বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ১ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে লাল্টু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা এবং আব্দুল আলিমকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
