আলমডাঙ্গায় প্রবাসীর কোটি টাকা ‘হাতিয়ে’ নিল স্ত্রী!

আপলোড তারিখঃ 2022-12-08 ইং
আলমডাঙ্গায় প্রবাসীর কোটি টাকা ‘হাতিয়ে’ নিল স্ত্রী! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: মালয়েশিয়া প্রবাসীকে বিয়ে করে নগদ টাকা ও সম্পত্তি মিলিয়ে প্রায় কোটি টাকা আত্মসাৎ করে স্বামীকে পথে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার নওলামারী গ্রামের রিনা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে। জমি কেনা, বাড়ি কেনা, স্বর্ণ কেনা ও চাকরির জন্য ঘুষের নাম করে বিপুল অংকের ওই অর্থ হাতিয়ে নেন তিনি। দীর্ঘ বছরের প্রবাস জীবনের উপার্জিত কষ্টের সব টাকা হারিয়ে একেবারে পথে বসেছেন স্বামী রেজাউল ইসলাম। হারানো টাকা ফিরে পেতে স্ত্রী রিনার নামে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী রেজাউল। জানা যায়, কেশবপুর গ্রামের মৃত আবু বকরের ছেলে রেজাউল ইসলাম ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়ায় পাড়ি জমান। বিদেশে গিয়ে ভাগ্যের চাকাও ঘুরিয়েও ফেলেন তিনি। সেখানে একটি দোকান দিয়ে দুই হাতে টাকা উপার্জন করেন। এরই মাঝে ২০১৫ সালে মোবাইলে যোগাযোগ হয় নওলামারী গ্রামের মৃত ইকতার আলীর স্বামী পরিত্যাক্তা মেয়ে রিনা খাতুনের সঙ্গে। মোবাইলেই তাদের মধ্যে সখ্যতা থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মোবাইলে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। এরপরের বছর ২০১৬ সালে রেজাউল রিনাকে মালয়েশিয়ায় নিয়ে যান। তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্রসন্তান। এরপর থেকে রিনা বিভিন্ন সময় মালয়েশিয়া-বাংলাদেশ করতে থাকেন। রিনা এর মাঝেই ছড়িয়ে দেন প্রতারণার জাল। তিনি প্রথমে নিজের কাছে নিয়ে নেন ২০ লাখ টাকা মূল্যের ৩শ গ্রাম স্বর্ণালঙ্কার। এরপর মাঠে ৭ লাখ টাকা দিয়ে জমি কেনেন নিজ নামে। আলমডাঙ্গা শহরে ৫০ লাখ টাকা দিয়ে একটি বাড়ি কেনেন। এসব রেজাউলের নামে কেনার কথা থাকলেও রিনা গোপনে তা নিজের নামে করে নেন। শুধু জমি ও বাড়ি হাতিয়ে নিয়েই ক্ষান্ত হননি রিনা। এবার সমাজসেবা অধিদপ্তরে চাকরি হচ্ছে জানিয়ে রেজাউলের কাছ থেকে আরও ১১ লাখ টাকা হাতিয়ে নেন। সবকিছু হাতিয়ে নিয়ে রিনা করোনার আগে দোকানের টাকা লুটে নিতে আবারো মালয়েশিয়ায় যান। রেজাউল রিনাকে পেয়ে বাড়ি ও জমির দলিল দেখতে চান। পরে রেজাউল জানতে পারেন সবকিছু রিনা নিজের নামে করেছেন। এসময় বিষয়টি জানাজানি হলে মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ রেজাউল ও রিনাকে নিয়ে সমঝোতায় বসেন। রিনা কথা দেয় বাংলাদেশে গিয়ে বাড়ি ও জমি রেজাউলের নামে ফিরিয়ে দিবেন। সব ফিরে পেতে রেজাউল স্ত্রী-সন্তান নিয়ে গত মাসের ২৫ তারিখে দেশে আসেন। বাড়ি এসেই রিনা নিজেকে পরিবর্তন করে ফেলেন। স্বামী সংসার গেলেও তিনি হাতিয়ে নেওয়া কোনো কিছুই ফিরিয়ে দিতে রাজি হননি। এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে রেজাউলের জীবন হুমকির মধ্যে পড়বে বলেও জানিয়ে দেন রিনা। জীবনের কষ্টার্জিত সবকিছু হারিয়ে রেজাউল অবশেষে পথে বসেছেন। ন্যায্য বিচার পেতে তিনি গতকাল বুধবার আলমডাঙ্গা থানায় প্রতারক স্ত্রী রিনার নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)