ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
নাশকতা মামলায় মেহেরপুরের গাংনী উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম জাহিদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে বামন্দী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদুল ইসলাম উপজেলার ছাতিয়ান গ্রামের মেছের আলীর ছেলে।
গাংনী থানা সূত্রে জানা গেছে, গাংনী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় বামন্দি বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে জাহিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গত ২৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাংনী মৎস্য হ্যাচারির পাশে ককটেল বিষ্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান সিপু গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার অজ্ঞতনামা আসামি হিসেবে জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেপ্তার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, বিষ্ফোরক ও নাশকতাসহ ৫টি মামলা রয়েছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
তবে ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় বিএনপির গাংনী উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। এছাড়াও বিএনপির আন্দোলন বানচাল করতে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে বলে দাবি করে জাহিদের মুক্তি দাবি করেছেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
