দোকানীকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপলোড তারিখঃ 2022-12-06 ইং
দোকানীকে কুপিয়ে হত্যার অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু শহরে প্রকাশ্যে হামিদুল ইসলাম জনি (২৮) নামের এক মোবাইল দোকানীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে নিজ দোকানের মধ্যে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জনি হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সির ছেলে। খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত জনির ভাই রনি অভিযোগ করে বলেন, ‘কিছুদিন আগে মোবাইল কেনা নিয়ে আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে অপুর সঙ্গে আমার ভাই জনির বাগবিতণ্ডা হয়। এই ঘটনার জের ধরে অপু ও তার কয়েকজন বন্ধু জনিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ জনির আরেক ভাই কাব্বিরুল ইসলাম অভিযোগ বলেন, ‘জোহরের নামাজ পড়ে জনি দোকানে বসার পর অপুর নেতৃত্বে তিন-চারজন মুখোশধারী যুবক ভাইয়ের দোকানে যেয়ে তাকে দোকানের পেছনের কক্ষে নিয়ে কুপিয়ে হত্যা করে। সেখানে অপুর মোবাইলও পড়ে ছিল। অপু বেশ কয়েকদিন ধরে জনির বাড়িতে উদ্দেশ্যহীনভাবে যাতায়াত করছিল।’ কাব্বিরুল আরও বলেন, ‘হত্যার পর অপুর পিতা আফজাল হোসেন জনির মৃত্যুর খবরটি তাদের বাড়িতে জানায়। এসময় আমরা হরিণাকুণ্ডু শহরে এসে দেখি জনির রক্তাক্ত মৃতদেহ দোকানের মধ্যে পড়ে আছে।’ অপুই এই হত্যার সঙ্গে জড়িত বলে পরিবারটির দাবি। এদিকে, অপু এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ‘বিকেলে আমি জনির দোকানে মোবাইল মেরামতের জন্য যায়। এসময় মুখ বাধা ৩-৪ জন যুবক দোকানের মধ্যে প্রবেশ করে জনিকে কুপিয়ে জখম করে। আমি বাঁধা দেয়ার চেষ্টা করলে ঘাতকরা আমার হাতেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’ প্রতিবেশীরা জানান, অপু বাড়ি ফেরার পর অসংলগ্ন কথাবার্তা বলছিল। বিষয়টি গ্রামবাসীর কাছেও সন্দেহজনক বলে মনে হচ্ছে। তবে প্রতিবেশী দোকানদাররা জানান, বেলা দুইটার পর যেকোনো সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে। তাদের ভাষ্য জনির দোকানের সামনের অংশ দুপুরের পর খোলা থাকলেও জনিকে দেখা যায়নি। বিকেল পৌনে চারটার দিকে তার লাশ দোকানের মধ্যে পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে।’ প্রতিবেশী মেখলেছুর রহমান জানান, নিহত জনি পরহেজগার ও খুবই নম্র ভদ্র ছেলে হিসেবে গ্রামে পরিচিত। তার মৃত্যুতে গ্রামবাসী খুবই ব্যথিত হয়েছে। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, হরিণাকুণ্ডু শহরের প্রিয়নাথ স্কুলের সামনের একটি মার্কেটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জনির গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দ্রুতই হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে। ঘটনাটি জানার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)