জীবননগরে মোটরসাইকেলের ধাক্কা শিশুর মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2022-11-19 ইং
জীবননগরে মোটরসাইকেলের ধাক্কা শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় আবুজর গিফারী (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর উপজেলার গঙ্গাদাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে সাতটার দিকে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু আবুজর গিফারী উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের পূর্বপাড়ার রডমিস্ত্রী আবু সাঈদের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল আছরের আজানের সময় বাড়ির সামনের পাকা রাস্তার পাশে খেলছিল আবুজর গিফারী। খেলা করার এক পর্যায়ে রাস্তার ওপর চলে যায় যে। এসময় রাস্তা দিয়ে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। এতে আবুজর গিফারী ছিটকে রাস্তার পাশে থাকা ইটের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে শিশুটিকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিশুটির মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘ইটের ওপর পড়ে মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত হয় শিশু। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় আবুজর গিফারী নামে এক শিশু আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে সাতটার দিকে শিশুটির মৃত্যু হয়। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)