চুয়াডাঙ্গায় নিখোঁজ কিশোরকে ফিরে পেতে এলাকাবাসীর মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2022-11-17 ইং
চুয়াডাঙ্গায় নিখোঁজ কিশোরকে ফিরে পেতে এলাকাবাসীর মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নিখোঁজ কিশোরকে ফিরে পেতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যসহ এলাকাবাসী। গতকাল বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে মানববন্ধন করে তারা। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনী পাড়ার নাজমুলের ছেলে রাসেল (১৭) গত ২৯ অক্টোবর রাতে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে গত ২ নভেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে ৯ নভেম্বর পুলিশ চুয়াডাঙ্গা রেলস্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে দেখে সন্দেহভাজন চুয়াডাঙ্গা পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকার দিপনের ছেলে অনিক (২২) ও রিপনের ছেলে কালাম (২৪) নামে দুই যুবককে আটক করে। নিখোঁজ রাসেলের পিতা নজমুল হক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকার পুরাতন স্টেডিয়ামের পাশে গোলামের গ্যারেজের কাজ করত রাসেল। কাজের সূত্র ধরে কালাম ও অনিকের সাথে রাসেলের পরিচয় হয়। গত ২৯ অক্টোবর দিনগত রাতে অনিক আর কালাম ফোন দিয়ে রাসেলকে ডেকে নিয়ে ট্রেনে তুলে দেয়। পরে পরিবারের লোকজন রাসেলকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি জিডি করেন। পরে ওই জিডির সূত্র ধরে তদন্তে নামে থানা পুলিশ। একপর্যায়ে চুয়াডাঙ্গা রেলবাজার এলাকা থেকে অনিক ও কালমকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। প্রলোভন দেখিয়ে কৌশলে রাসেলকে ভারতে পাচার করে দিয়েছে অনিক ও কালাম। গত ২৯ তারিখ রাতে রাসেল নিখোঁজ হলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে চুয়াডাঙ্গা স্টেশনে সিসিটিভি ফুটেজ দেখে কালাম ও অনিককে রাসেলের সাথে দেখতে পাওয়া যায়। কালাম ও অনিক মিলে রাসেলকে কৌশলে বেনাপোলের ট্রেনে তুলে দেয়। রাসেলের পিতা আরও অভিযোগ করে বলেন, বেনাপোলে দুইজন ব্যক্তি অনিককে ট্রেন থেকে রিসিভ করেছে, সেই ফুটেজও তারা দেখেছেন। আটক দুজনের নামে মামলা করায় বিভিন্ন দিক থেকে আকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। ধারণা করছি আমার ছেলেকে তারা ভারতে পাচার করেছে। ছেলেকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।’ এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, ‘নিখোঁজ রাসেলের পিতা বাদী হয়ে মামলা করলে বিষয়টির তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে রাসেলের নিখোঁজ হওয়ার পেছনে অনিক ও কালামের জড়িত থাকার বিষয়টি সামনে আসলে তাদেরকে আটক করে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।’ চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘আমরা স্টেশনের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করেছি। সেখানে রাসেলকে জোর করে নিয়ে যাওয়ার আলামত পাইনি। সে ওপেন ঘোরাফেরা করছিলো। তার সাথে কালাম ও অনিককে দেখা যায়। আমরা তাদেরকে গ্রেফতার করে আলাদলতে সোর্পদ করেছি। প্রাথমিক তদন্তে কালাম ও অনিক আমাদের কাছে জানিয়েছে, ‘রাসেল নিজেই ভারত যাওয়ার চেষ্টায় ছিলো। রাসেল তাদেরকে বলেছিলো, ভারতে যাওয়ার ব্যবস্থা করে দিতে। পাসপোর্ট ভিসা বাদে যাওয়া যাবে না জেনেও ওইদিন কালাম ও অনিক দুজনে রাসেলের কাছে থাকা ২৫শ টাকাও নিয়েছে।’ এরপর যশোরের ট্রেনে উঠিয়ে দিয়েছে। রাসেল যেই দোকানে কাজ করতো, তার মালিকের থেকে ৫শ টাকাও নেয়। অপহরণ হলে ৫শ টাকা নেওয়ার কথা নয়। আর কালাম এবং অনিককে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা বিজ্ঞ আদালতের কাছে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করেছে। আমরা কালাম ও অনিককে জিজ্ঞাসাবাদ করবো। রাসেলের সন্ধান এবং তদন্ত চলছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)