ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২২ জাকজমকভাবে উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল সকাল সোয়া ৮টায় শহরের ডায়াবেটিক সমিতি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন সভাপতিত্ব করেন।
ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহানের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সমিতির সহসভাপতি মুন্সি আলমগীর হান্নান, আজাদ মালিতা, সাধারণ সম্পাদক অ্যাড. মহ: শামসুজ্জোহা, কোষাধ্যক্ষ আলাউদ্দীন হেলা, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সেলিম উদ্দীন খান, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, ডা. নাহিদ ফাতেমা রত্না ও পুষ্টিবিদ উম্মে আতিকা আঁখি।
সভায় বায়তুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন মাসুম বিল্লাহ পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন। এসময় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম ও এএইচএমএম কামাল তুহিন, আজীবন সদস্য জোনারুল ইসলাম, শফিকুর রহমান, ইলিয়াস হোসেন, ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-কর্মচারী এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে। আমরা নিজেকে কেন সুরক্ষা করতে পারছি না। আমাদের যেভাবে চলা দরকার, সেভাবে চলতে পারছিনা। রোগবালাই আমাদের শরীরে বাসা বাঁধছে। আমরা শিক্ষিত হয়েছি। তারপরও কেন আমরা সচেতন হতে পারছি না। শতকরা ৬০ ভাগ মহিলা গ্রাম হতে আসছেন। এটা কী জন্য, তাদের জীবনে রেস্ট নেই। মানুষ রাস্তার খাবার খেতে পছন্দ করে। এটা বর্জন করতে হবে। নিজেকে সুরক্ষা করতে হবে। আমি নিরাপদ থাকলে আমার পরিবার বাঁচবে। এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং তাদের কাছে পৌঁছাতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্যে সফল হবে। আমাদের হাসপাতালকে অতি শিগগিরই ডিজিটাইলেশন করব। কার্ড দেব ও ডিজিটাল স্মার্ট সার্ভিস চালু করতে চাই। আগামী জানুয়ারি মাস থেকে চালু করার আশাবাদ ব্যক্ত করছি। আগামীতে বড় আয়োজনের মাধ্যমে মানুষকে জানাব।’
এদিকে, আলোচনা সভা শেষে ডায়াবেটিক সমিতির ল্যাব টেকনিশিয়ান অবসর গ্রহণের জন্য নির্মলেন্দু হালদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং বিদায়ী নির্মলেন্দুকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এছাড়াও আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে পূর্বের স্থানে এসে শেষে হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীদের নিয়ে ডায়াবেটিস রোগ, সচেতনতা ও চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়। এসময় ডায়াবেটিসে আক্রান্ত অনেকে তাদের অভিজ্ঞতা, চিকিৎসা ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহযোগিতা বিষয়ে বক্তব্য দেন।
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ.ফ.ম সিরাজ সামজী, আলমডাঙ্গা প্রেসক্লাব সম্পাদক হামিদুল ইসলাম আজম, সরকারি কলেজের প্রভাসক শরিফুল ইসলাম, এরশাদপুর অ্যাকাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামিম ও সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস। ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন ফিরোজ ইফতেখার, শরিফুল ইসলাম রোকন, পলি খাতুন, ডন, ময়েন, সাইদুল, প্রকৌশলী জাফর জুয়েল, সমিতির দাপ্তরিক শাপলা প্রমুখ।
