ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেয়াদোত্তীর্ণ খাবার-সামগ্রী বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভবানীপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভবানীপুর বাজারের মিঠু স্টোরসহ তার আরও দুটি দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও মালামাল বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় দোকানের মালিক আনিচুর রহমান মিঠুকে ৩৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহায়তায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি)-এর সার্টিফিকেট সহকারী রাসেল আহমেদ, ভবানীপূর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শ্যামা প্রসাদ ও বাজার কমিটির সভাপতি সারুল আহম্মেদ। পরবর্তীতে চানাচুর, বিস্কুটসহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্য-সামগ্রী ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় ইবি থানাধীন ছয়ঘরি বলরামপুর গ্রামের আলম তার তিন পুত্রের জন্য মিঠু স্টোর থেকে মেয়াদ উত্তীর্ণ মামা বিস্কুট কেনেন। রাতে ওই বিস্কুট খাওয়ার পর তিন পুত্রই অসুস্থ হয়ে বমি করতে থাকে। পরে তাদেরকে স্থানীয় চিকিৎসকের পরামর্শে সকালে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
