চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন প্রকল্প নিয়ে সুধী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-11-03 ইং
চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন প্রকল্প নিয়ে সুধী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেয়র খোকন বললেন- আমি দায়িত্ব নেওয়ার পর আপনাদের সাথে এটি আমার প্রথম আনুষ্ঠানিক সভা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন প্রকল্প নিয়ে সুধী সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। সর্বসাধারণকে সম্পৃক্ত করে চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন ত্বরান্বিত করার জন্য আয়োজিত এ মতবিনিময় সভার মূল রূপকার চুয়াডাঙ্গা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়া। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নকে আরও বেগবান করার জন্য কী কী প্রস্তাবনা প্রয়োজন, সেসব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা শহরকে যানজট মুক্ত করার জন্য ট্রাক টার্মিনালের প্রস্তাব করা হয়। চুয়াডাঙ্গা শহরের অদূরে ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন পূর্বনির্ধারিত জায়গায় এ ট্রাক টার্মিনালের প্রাথমিক কাজ শুরু করার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে ৬ সদস্যবিশিষ্ট ট্রাক টার্মিনাল বাস্তবায়ন উপ-কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক হিসেবে থাকছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া। সদস্য হিসেবে আছেন- চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম ও আন্তঃজেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন আর রশিদ। নতুন এই কমিটির তত্ত্বাবধানে এ মাস থেকেই ট্রাক টার্মিনাল উন্নয়নের কাজ শুরু করা হবে এবং আগামী ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে পূর্ণাঙ্গভাবে ট্রাক টার্মিনালটি চালু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন প্রস্তাবনার মধ্যে স্থান পায় চুয়াডাঙ্গা পৌর পার্ক, চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র উন্নয়ন ও প্রস্তাবিত শিশু-কিশোর পার্ক নির্মাণ, চুয়াডাঙ্গা নিচের বাজারের বর্জ্য দূষণ থেকে মাথাভাঙ্গা নদী রক্ষা, শহর সংলগ্ন নবগঙ্গা খালের ওপর দিয়ে ফুট ওভার রাস্তা নির্মাণ, চুয়াডাঙ্গা রেলগেটের আন্ডারপাস সংস্কার করে পানি নিষ্কাশন ব্যবস্থা করা, মাথাভাঙ্গা ব্রিজের উপরে ঝুলন্ত ব্রিজ নির্মাণ করে পতিত জমি ব্যবহার করে খেলার মাঠ এবং বিনোদনের স্পট করা, চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন এলাকা দূষিত না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো বিশেষ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়ক সংস্কার করা, চুয়াডাঙ্গা পৌরসভার প্লান মাফিক ভবনগুলো নির্মাণ হচ্ছে কিনা সে বিষয়ে জোর তদারকি করা, পৌরসভার যেসব সড়কে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে না, সেসব সড়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেসব এলাকার রাস্তা প্রশস্তকরণ। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা পৌরসভার তিনটি বাজারে জবাইখানার দায়িত্বে যারা আছেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করা। খাবার উপযোগী নিরোগ, সুস্থ গরু, ছাগল, মহিষ, ভেড়া নিশ্চিত করে সিল সার্টিফিকেট প্রদান করা, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন বিষয়েও আলোচনা করা হয়। সভায় গণমাধ্যমকর্মীরা চুয়াডাঙ্গা পৌরসভার যে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলো কত শতাংশ বাস্তবায়ন হয়েছে বা নির্মিত হচ্ছে এবং সেগুলো কবে নাগাদ পূর্ণাঙ্গ হবে, কত টাকা ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার পূর্র্ণাঙ্গ তথ্য লিখিতভাবে দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা চাই আপনাদের মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভার সকল উন্নয়নমূলক কাজ তুলে ধরা। এখন থেকে চুয়াডাঙ্গা পৌরসভায় গণমাধ্যমকর্মীদের সাথে দুই-তিন মাস পর পর মতবিনিময় করা হবে। আপনাদের প্রস্তাবনা আমরা গ্রহণ করলাম। আলোচনার মাধ্যমে এই পৌরসভাকে উন্নয়ন করার জন্য সকল কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’ চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর এটি আপনাদের সাথে প্রথম আনুষ্ঠানিক সভা। দায়িত্ব নিয়েই হয়ত সব সাংবাদিকের সব প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। অনেক সময় সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন। আসলে কাজ না করে উত্তর দেওয়া যায় না। আমরা আপনাদের পরামর্শ নিচ্ছি। আপনাদের সহযোগিতা নিয়ে চুয়াডাঙ্গা পৌরভার উন্নয়নে কাজ করতে চাই। চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা প্রয়োজন।’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর শাহিন আক্তার, সুলতানা আঞ্জু, শেফালী খাতুন, মুনসুর আলী মনো, আব্দুল আজিজ জোয়ার্দ্দার, মহলদার ইমরান, মাফিজুর রহমান, মুন্সি আলাউদ্দীন আহম্মেদ, ফরজ আলী শেখ, উজ্জ্বল হোসেন, সাইফুল ইসলাম, কামরুজ্জামান চাঁদ, পৌর নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)