ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৪০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুস সালাম বাবু (৪৭) ও ভিমরুল্লাহ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে দুখু মিয়া (৪২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুস সালাম বাবুর বাড়িতে অভিযান চালিয়ে ৫১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। অপর দিকে, বিকেল সাড়ে চারটার দিকে দুখু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা এবং দুখু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
