ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আদালতে আত্মসমর্পন করেছেন চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি জাহিদুর রহমান তারেক। গতকাল সোমবার আদালতে আত্মসমর্পন করে জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফানি পোস্ট দেওয়ায় জাহিদুল ইসলাম তারেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ছাত্রলীগের সাবেক নেতা রেজওয়ানুল ইসলাম বাপ্পি। গত ৪ অক্টোবর রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন। জাহিদুর রহমান তারেক চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের মৃত এরশাদ মেম্বারের ছেলে। বর্তমান তিনি ঝিনাইদহের সিঅ্যান্ডবি পুকুরপাড়ের উপ-শহরপাড়া এলাকায় বসবাস করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে জাহিদুর রহমান তারেক চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে একটি ফানি পোস্ট দেন। সেখানে তিনি জাতির পিতা শেখ মুজিবকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এদিকে এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই সেটি মুছে দিয়ে জাহিদুর রহমান তারেক দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চান এবং এটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে দাবি করেন।
