ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে পাখিভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) ভেঙে তার ওপর থেকে ছিটকে পড়ে আব্দুর রহমান নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা শান্তা খাতুন গুরুতর আহত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে জীবননগর পৌর শহরের হাসেম মিয়ার চাতালের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুর রহমান জীবননগর পৌর শহরের শাপলাকলি পাড়ার মো. রুবেল হোসেনের ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, মা শান্তা খাতুন শিশুপুত্রকে নিয়ে পাখিভ্যানযোগে পিতার বাড়ি তেঁতুলিয়া গ্রামে যাচ্ছিলেন। তারা জীবননগর-তেঁতুলিয়া সড়কের হাসেম মিয়ার চাতালের সামনে পৌঁছালে পাখিভ্যানটি ভেঙে যায়। এবং পাখিভ্যানের ওপর থেকে মা ও শিশু আব্দুর রহমান পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে শিশুটির মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মা শান্তা খাতুন গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মা শান্তা খাতুনকে হাসপাতালে ভর্তি করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আর মা শান্তা খাতুনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থাটি প্রক্রিয়াধীন।
