ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা দক্ষিণ চাঁদপুরের সাজিবুল হক ওরফে সাজিব (৪২) নামের এক বুদ্ধি প্রতিবন্ধীকে হত্যা ও গুমের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দর্শনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের জিয়াউল হকের ছেলে জিলকদর বলেন, ‘আমার প্রতিবেশী আপন চাচাতো ভাই সাবিবুল হক ওরফে সাজিব গত দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধান পেতে দেশের বিভিন্ন স্থানে খোঁজখবরের পাশাপাশি তার ঠিকানাসহ ছবি সম্বলিত ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে। এমতাবস্থায় আমার চাচাতো ভাই এহসানুল হক রাজিব, ফারুক আহমেদ ও তরিকুল হক আমাদের বিরুদ্ধে সাজিবকে হত্যার পর গুম করে আমাদের নিজ বসতবাড়ির সেফটি ট্যাংকির মধ্যে লুকিয়ে রাখার মিথ্যা অভিযোগ তুলে দর্শনা থানা পুলিশে অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে গত সোমবার দুপুরে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নের্তৃত্বে থানার ১৫-১৬ জন অফিসার ও ফোর্স আমাদের বসতবাড়ির পাশের বাগানে মাটি খুঁড়ে ও বসতবাড়ির মধ্যের সেফটি ট্যাংকির মধ্যে তল্লাশি চালায়। প্রায় ৩ ঘণ্টার অভিযানে কোনো সন্ধান না পেলেও নিখোঁজ সাজিবের পরিবারের লোকজন নিশ্চিত তাকে হত্যার পর ওই সেফটি ট্যাংকির মধ্যে লাশ গুম করে রাখা হয়েছে উপস্থিত লোজনের সামনে প্রকাশ্যে পুলিশকে জানালে পুলিশ দুইদিনের সময় নিয়ে অভিযান শেষ করে।
আমাদের প্রশ্ন, তাকে হত্যার পর লাশ আমাদের বাড়ির সেফটি ট্যাংকির মধ্যে লুকিয়া গুম করা হয়েছে তারা এমন নিশ্চিত হলো কীভাবে, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। এতে করে আমিসহ আমার পরিবারের লোকজনের মান-সম্মান ক্ষুণ্ন হওয়াসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি। সেই সাথে তাদের এমন মিথ্যা অভিযোগের দাবিতে আমিসহ আমার পরিবারের লোকজন চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই সাংবাদিক ভাইদের কাছে আমাদের দাবি, নিশ্চিত হওয়া লাশ গুমের অভিযোগকারীদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য উন্মোচন হবে এমনটা আশা করছি।’
