চুয়াডাঙ্গায় ৯৮ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-09-20 ইং
চুয়াডাঙ্গায় ৯৮ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ আব্দুস সামাদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা কোর্ট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি আব্দুস সামাদ (৩০) কুষ্টিয়া জেলার ইবি থানার শংকরদিয়া গ্রামের দক্ষিণপাড়ার বাজুহার মণ্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশের একাধিক টিম। গতকালও চলমান অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য চোরাচালানের বিষয়ে একটি খবর পায় জেলা গোয়েন্দা পুলিশ। পরে ওই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীরের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা, মুহিদ হাসান, মোহাম্মদ শিহাব উদ্দীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমেন কুমার সরকার, রজিবুল হক, সাজদার রহমান, আহসান কবীরসহ সঙ্গীয় ফোর্স শহরের কোর্ট মোড় এলাকায় চেকপোস্ট বসায়। এসময় বেপরোয়া গতিতে আসা কালো ও নীল রং মিশ্রিত ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল গতিরোধ করার চেষ্টা করে পুলিশ। পুলিশের সিগনাল অমান্য করে মোটরসাইকেলে থাকা ব্যক্তি কৌশলে পলাশপাড়ার রাস্তার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এসময় তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের বাম পাশে ঝোলানো দুটি ব্যাগের মধ্যে হতে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় আগামীকাল (আজ) তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)