বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2022-09-16 ইং
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে জেলা পর্যায়ের বালক-বালিকাদের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছেন। আর তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে উন্নয়নের মহাসড়কে দাঁড় করিয়েছেন। খেলাধুলার উন্নয়নেও মাননীয় প্রধানমন্ত্রী সারাবিশ্বের দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলাধুলায় যত অর্জন, তার অধিকাংশই আওয়ামী লীগ সরকারের আমলে অর্জিত হয়েছে। খেলাধুলার উন্নয়নে বিশেষ করে ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশের হাজার হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যা পৃথিবীর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমার জানা নেই। আমারও জেলাবাসীর ঘাম ও শ্রমের বিনিময়ে মাননীয় প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় আমাদেরকে একটি আধুনিক মানের স্টেডিয়াম উপহার দিয়েছেন। সেই স্টেডিয়ামে আজ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই এই টুর্নামেন্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকেও আমাদের ভালো খেলোয়াড় উপহার দিতে হবে। আজ যারা তোমরা জেলা পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয়েছো, তোমাদেরকে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে আরও ভালো করে চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করতে হবে। বিভাগীয় পর্যায়ের খেলা শুরুর আগ পর্যন্ত তোমাদেরকে নিয়মিত অনুশীলন করতে হবে। খেলাধুলা স্টেজে মারার মতো কোনো কাজ নয়। তাই ভালো খেলাধুলা করতে হলে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গার ডিএফএ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। ফাইনালে আলমডাঙ্গা উপজেলা বালক দল ২-১ গোল দামুড়হুদা উপজেলা দলকে এবং বালিকা বিভাগে আলমডাঙ্গা ১-০ গোলে দামুড়হুদা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। চুয়াডাঙ্গায়-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে নিজ তহবিল থেকে প্রাইজমানি তুলে দেন। বালিকা বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে দামুহুদার সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুর্বণা গোল্ডেন বল পুরস্কার লাভ করে। সর্বোচ্চ ৪টি গোল করে আলমডাঙ্গার উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস গোল্ডেন বুট পুরস্কার পায়। বালক বিভাগে দামুড়হুদা সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজুয়ান ৪টি গোল করে গোল্ডেন বুট পুরস্কার লাভ করে এবং আলমডাঙ্গা ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাইম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেন বল পুরস্কার লাভ করে। খেলার ধারা বিবারণী প্রচার করেন ইসলাম রকিব, শাহনেওয়াজ ফারুক ও গোলাম মোস্তফা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক আব্দুস সালাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)