চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-08-24 ইং
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গাইদঘাটে ট্রেনের ধাক্কায় কালু হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে গাইদঘাট পুরাতন রেলস্টেশনের নিকটবর্তী ৮০ মাইলের মোড়ে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত কালু হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামের মথুরাপুরপাড়ার মৃত মোজাম মণ্ডলের ছেলে। জানা যায়, গতকাল দুপুরে সাইকেলযোগে সার নিয়ে গাইদঘাট মাঠে নিজের কৃষি জমিতে সার দেওয়ার জন্য যাচ্ছিলেন কালু হোসেন। লাইনের ধার দিয়ে যাওয়ার সময় গাইদঘাট পুরাতন রেলস্টেশনের নিকটবর্তী ৮০ মাইলের মোড়ে পৌঁছালে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। মাঠে ছাগল খাওয়ানোর সময় এক নারী তাকে দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। বিকেল ৫টা ১০ মিনিটে জরুরি বিভাগের কর্তব্যর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কালু হোসেনকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান রুমি বলেন, ‘বিকেল পাঁচটার দিকে পরিবারের সদস্যরা কালু হোসেনকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় জরুরি বিভাগে নেয়। কালু হোসেনের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে।’ চুয়াডাঙ্গার কর্তব্যরত স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ‘ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা স্টেশনে প্রভেম করে। পরবর্তীতে জানতে পেরেছি বেনাপোল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে গাইদঘাটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)