ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ জাসদ জীবননগর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় জীবননগর শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জাসদ জীবননগর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু।
প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন, দুর্নীতি, লুণ্ঠন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের নিম্ন আয়ের মানুষ আজ দিশেহারা। অনেকেই অর্ধাহারে-অনাহারে দিন পার করছেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কৃষিতে ব্যাপক প্রভাব পড়েছে। উৎপাদন খরচ বেড়ে গেছে অনেক বেশি। উৎপাদিত ফসল বিক্রি করে কৃষক আসল টাকা পাবে না বলে আশঙ্কা করছেন। কৃষক সমাজকে বাঁচাতে অতিদ্রুত জ্বালানি তেলের মূল্য পুনঃনির্ধারণ করা হোক। আগামী জাতীয় সংসদ নির্বাচন ভোটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা বাঙালি জাতির। অতীতের নির্বাচনের ধারাবাহিকতা আর যেন না হয়। এ লক্ষে গণতন্ত্রের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধ হয়ে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক শামসুল আলম, দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর রহমান, জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সহসভাপতি মো. হযরত আলী ও জাসদ নেতা মিলন মল্লিক। শুভেচ্ছা বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জীবননগর শাখার সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম। সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন নাজমুল ইসলাম মণ্টু।
সভার সঞ্চালক ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ।
কর্মী সম্মেলনে আব্দুর রশিদকে সভাপতি, তারিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও নাজমুল ইসলাম মণ্টুকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্যের জীবননগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
