ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দেশ ও জাতীর মঙ্গল কামনায় চুয়াডাঙ্গায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কবরী রোড, কলেজ রোড, কোর্ট রোড, পুরাতন হাসপাতাল রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর হিন্দু কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় মন্দিরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মৌসুমী সুলতানা, বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি সুরেশ কুমার সাহা, সাধারণ সম্পাদক কিংকর দে, মালোপাড়া সার্বজনীন দূর্গা ও কালী মন্দিরের সভাপতি অরবিন্দু হালদার, সাধারণ সম্পাদক আনন্দ হালদার, দৌলতদিয়াড় দক্ষিণপাড়া বারোয়ারী সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি সঞ্জয় সাহা, দৌলতদিয়াড় মাঠপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি রহিতোষ অধিকারী, দাসপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি দীপঙ্কর দাস, সাধারণ সম্পাদক পলাশ দাস, দাসপাড়া মহিলা সংঘের সভাপতি পূর্ণিমা দাস, বেলগাছী দূর্গা মন্দিরে সভাপতি উজ্বল দাস, বড় বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সহসভাপতি নিমাই সাহা, জয় দেবনাথ, শ্যামল নাথ, পলাশ সাহা, শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ চুয়াডাঙ্গা শাখার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী হেমন্ত কুমার সিংহ রায় জানান, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
