ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: শোকাবহ আগস্ট মাসে চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির পালনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শুক্রবার সন্ধ্যা সাতটায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আর তিনদিন পর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। রাজনৈতিকভাবে আপনারা যারা সাংগঠনিক দায়িত্বে আছেন, আপনারা সকলে জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর শোক দিবস পালন করবেন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে, এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে, যেন মুক্তিযুদ্ধের চেতনা ধুলিষ্যৎ না হয়ে যায়। বঙ্গবন্ধু এখন কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। ১৫ আগস্ট আমাদেরকে শপথ নিতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে হবে। সে লক্ষে আমাদের নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর খুনীদের বিচার হয়েছে। কয়েকজন এখনও পালিয়ে বেড়াচ্ছে, তারা যেখানেই থাক, সেখান নিয়ে এসে বিচার কার্যকর করতে হবে।’
তিনি আরও বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে হবে। প্রতিটি গ্রাম ও মহল্লার মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে হবে। সবাই যেন বুঝতে পারে আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী। বাদ আসর মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গীর্জায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজন করতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ, খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাজি আবুল কালাম আজাদ, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতন, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খাজা শাহাবুদ্দিন, চেয়ারম্যান মো. আলম মণ্ডল, শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. নিলুয়ার রহমান, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মো. শুকুর আলী, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সাহাবুল হোসেন।
মতবিনিময় সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিটি স্তরে সকাল ৬:৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন। সকাল ০৬:৪৫ মিনিটে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। বাদ যোহর প্রতিটি মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মী উপসানালয়ে সুবিধামতো সময়ে প্রার্থনা। প্রতিটি ওয়ার্ডে ও মহল্লায় নির্ধারিত স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার ও কাঙালি ভোজ। এছাড়াও ১৭ই আগস্ট সকাল ১০টায় সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
