নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভনে দেখিয়ে চুয়াডাঙ্গার এক নারীকে ধর্ষণের অভিযোগে নোমান আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গত বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নোমান আলী (২২) মেহেরপুর সদর উপজেলার কালাইডাঙ্গা গ্রামের মহিবুল আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ায় ভাড়ায় থাকেন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে মেহেরপুরের নোমান আলী নামে ওই যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে। ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী ওই নারীর পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় নোমান আলীর নামে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। পরে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ফোর্স নিয়ে গত বুধবার দিবাগত রাতে ভালাইপুর বাজার থেকে নোমান আলীকে গ্রেপ্তার করেন। পরের দিন গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
