ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা পাকা-আধাপাকা ও টিনের ঘর, বেড়া দিয়ে জমি দখলসহ বিভিন্ন স্থাপনা সড়কের পাশ থেকে উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা স্কেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জীবননগর উপজেলা শহরের কালীগঞ্জ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়ক ও দত্তনগর সড়কসহ বেশ কয়েকটি স্থানে এ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ।
সড়ক ও জনপথ বিভাগের খুলনা বিভাগীয় জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিত রায় বলেন, সড়ক ও জনপথ বিভাগের জমি জীবননগরের অংশে অসাধু ব্যক্তিরা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে। অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য চিঠি দেওয়া ও মাইকিং করা হলেও তারা নির্ধারিত সময়ে সরে যায়নি।
সরেজমিনে দেখা যায়, গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড-লক্ষীপুর ব্রিজ, কালীগঞ্জ সড়ক, দত্তনগর সড়ক ও চ্যাংখালি সড়কের দুই পাশ থেকে স্কেভেটর মেশিন দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। প্রায় দুই শতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অবৈধ উচ্ছেদ শেষে আর যাতে কেউ জমি দখল করে দোকান ঘর নির্মাণ না করতে পারে, সে জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ তারের বেড়া দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের খুলনা বিভাগীয় জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিত রায়, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা মনজুরুল করিম, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র রায়, উপ-সহকারী প্রকৌশলী কাজী আজিজুর রহমান, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক প্রমুখ। অভিযান পরিচালনার সময় পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুতের একটি করে ইউনিট উপস্থিত ছিল।
