নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারকালে দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে ৩টি সোনার বার আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এই সোনার বার আটক করে বিজিবি।
বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে গোপনে খবর পায় চোরাকারবারী কর্তৃক দর্শনা থানার অন্তর্গত সদাবরী মাঠের পাঁকা রাস্তা সংলগ্ন মেহগনি বাগানের মধ্যদিয়ে ভারতে সোনা পাচার করা হচ্ছে। এমন খবর পেয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক, পিএসসি-এর সার্বিক দিক নির্দেশনায় ফুলবাড়ি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আহসান কবির ফোর্স নিয়ে অভিযান চালায়।
সীমান্তের মেইন পিলার ৮৫ হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদাবরী মাঠ পাকা রাস্তা সংলগ্ন মেহগনি বাগানের মধ্যে একজন অজ্ঞাত ব্যক্তির একটি ব্যাগ বহন করতে দেখা গেলে টহলদল তাকে চ্যালেঞ্জ করলে ব্যাগটি ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩৪৯.২২ গ্রাম (২৯.৯৫ ভরি) ওজনের সর্বমোট ৩টি সোনার বার আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৬ হাজার ১৫০ টাকা।
এ ঘটনায় নায়েব সুবেদার মো. আহসান কবির বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন। আটককৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।