ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় রাইস মিলের বয়লার (চুলা) বিস্ফোরণে ফয়সাল (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার পেয়ারাতলায় মা-বাবা আটো অ্যাগ্রো ফুড অ্যান্ড রাইস মিলের বয়লার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল একই উপজেলার লক্ষীপুর গ্রামের ব্রিজপাড়ার কামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. রাকিব হাসান জানান, ফয়সাল হোসেন আজ রোববার বেলা পৌনে ১২ টার সময় মা-বাবা এগ্রো ফুডের পুরাতন একটি বয়লারে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বয়লারের আঘাতে ফয়সাল হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
