ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর আহ্বায়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের উদীচীর কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর আহ্বায়ক শেখ আসমা চুমকির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবি জহির রায়হান ও সাধারণ সম্পাদক আদিল হোসেন।
সভায় সিদ্ধান্ত হয়- আগামী ১ জুলাই শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কাঁঠালকথন, কাঁঠাল প্রদর্শনী, কাঁঠাল রেসিপি, কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা, কাঁঠালরঙ্গ, কাঁঠালের গান, আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। তবে মূল আকর্ষণ হিসেবে থাকবে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা। করোনাকালীন গত দুই বছর এ আয়োজনটি না হওয়ায় এবারে আরও নতুনভাবে এ অনুষ্ঠানকে সাজানো হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।
জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর সদস্যসচিব মেহেরাব্বিন সানভী’র পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শেখ ফরিদ, উদীচী চুয়াডাঙ্গার সহ-সাধারণ সম্পাদিকা সম্পা দাস, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার, নির্বাহী সদস্য সাহাব উদ্দীন, মাসুদ আরিফ, সেলিম মল্লিক প্রমুখ।
জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর সদস্যসচিব সাংবাদিক মেহেরাব্বিন সানভী জানান, এর আগে তিন বছর খুবই জমকালো আয়োজনে এ উৎসব করা হয়েছে। এবার এ আয়োজনকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে কাঁঠাল খাওয়ার এ প্রতিযোগিতা যেন দেখেও শান্তি। সত্যিই আনন্দদায়ক উৎসব এটি। আর বাংলাদেশের মধ্যে এটিই সবথেকে বড় কাঁঠাল উৎসব। যে উৎসবে সবাই অংশগ্রহণ করতে পারবে।
