হাড়োকান্দি-বলেশ্বরপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধনকালে টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2022-06-29 ইং
হাড়োকান্দি-বলেশ্বরপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধনকালে টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘বাংলাদেশের যত ভালো অর্জন, তার সবই হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে। ১৯৪৯ সালের ২৩ শে জুন দলটির জন্মের পর থেকে এ দেশের মানুষের ভাগ্যের পরির্বতনের জন্য যত ভালো কাজ হয়েছে, সেগুলো সবই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই সম্ভব হয়েছে।’ গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার হাড়োকান্দি-বলেশ্বরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়টির অ্যাডহোক কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন একক ভূমিকা পালন করেছে, তেমনি দেশের উন্নয়নে অগ্রগতিতে সমৃদ্ধিতে এবং সম্মান অর্জনে আওয়ামী লীগই সবসময় কাজ করেছে। যার জলন্ত উদাহরণ বাংলাদেশের জনগণের টাকায় স্বপ্নের পদ্মা সেতু তৈরি। শুধু তাই নয়, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এবং জাতীয়করণসহ শিক্ষার সার্বিক উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগই সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ সরকারের আমলেই হাজার হাজার প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করা হয়েছে, হাজার হাজার বেসরকারি স্কুল-মাদ্রাসা ও কলেজকে এমপিওভুক্তিকরণ করা হয়েছে, সরকারিকরণ করা হয়েছে  শত শত কলেজকে। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে দেশের শিক্ষাব্যবস্থারসহ কোনো সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তারা সবসময় নিজেদের আখের গুছিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বিদ্যালয়ের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, আব্দুস সালাম, নাগদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান হায়াত, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুম্মন উজ্জামান, হাবিবুর রহমান খোকন এবং সাংগঠনিক সম্পাদক রাসেল ও প্রচার প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঘোলদাঁড়ি বাজার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সাবেক সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান, ঘোলদাঁড়ি বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, আইলহাঁস মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মানোয়ার হোসেন, হাড়োকান্দি বলেশ্বরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রব্বুল হোসেন, সিনিয়র শিক্ষক আবুল হাশেম, ঘোলদাঁড়ি বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আইজুদ্দিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ব্যাজ পরিধান করানো হয়। এরপর অতিথিদের আলোচনা ও প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নবনির্মিত চারতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল। এছাড়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের পরে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)