গাংনীতে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

আপলোড তারিখঃ 2022-06-26 ইং
গাংনীতে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আফফানের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সহড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আবু আফফান সহড়াতলা গ্রামের হাজী আব্দুস সামাদ মাস্টারের ছেলে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানায়, ‘স্যার আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে খারাপ কথাবার্তা বলেন। পরে বিষয়টি আমার বাড়ির লোকজনকে জানাই।’ ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আবু আফফান মাস্টার আমার মেয়েকে অশ্লীল কথাবার্তা বলে এবং শরীরের বিভিন্ন অঙ্গে হাত দিয়েছে এমনটি জানতে পেরেছি। আমি এর সঠিক বিচার চাই।’ ওই স্কুলের শিক্ষার্থী লিমা খাতুন জানায়, ‘স্যার এসে আমার বান্ধবীর পিঠে হাত দিয়ে হাত বুলাচ্ছিল এবং আমাদের সাথে খারাপ আচরণ করেছে। পরে আমরা আমার বান্ধবীর বাবাকে বিষয়টি জানাই। পরে আবু আফফান স্যার স্কুল থেকে পালিয়ে যায়।’ একই কথা জানায় তার আরেক বান্ধবী মিম। এ বিষয়ে আবু আফফানের বাবা হাজী আব্দুস সামাদ মাস্টার জানান, ‘আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। তাকে ফাঁসানো হচ্ছে। এমন তথ্য সংগ্রহ করতে অনেকেই এসেছিল, তাদের আমি তেল খরচ দিয়ে বিদায় করেছি।’ তেল খরচের টাকা কেন দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমি খুশি হয়ে দিয়েছি। দয়া করে এ নিয়ে আর বাড়াবাড়ি করবেন না।’ ২ নম্বর তেঁতুলবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শহরতলা গ্রামের ইউপি সদস্য শরিফুল ইসলাম লাটু জানান, ‘আমি ঢাকাতে ছিলাম। বিভিন্ন লোকজন আমাকে ফোন দিয়ে জানিয়েছে আবু আফফান মাস্টার একটি ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়েছে। এ নিয়ে স্কুল প্রাঙ্গনে অনেক মানুষের সমাগম ঘটে।’ সহড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা খাতুন জানান, ‘আমি অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ছুটিতে আছি। তবে ঘটনাটি কতটুকু সত্য, আমার জানা নেই।’ এ বিষয়ে আবু আফফানের সাথে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘বিষয়টি আমার জানা নেই, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)