ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় আন্দুলবাড়ীয়া বাজারের প্রাণকেন্দ্র দোয়েল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আন্দুলবাড়ীয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হয়রত মাওলানা শাহ মো. আনোয়ার হুসাইনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোল্লা আলতাফ হোসেন ফেলা, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সহসভাপতি হযরত মাওলানা সাইফুজ্জামান, দপ্তর সম্পাদক ও হযরত মাওলানা হাফেজ আবু মুসা ও প্রচার সম্পাদক হাফেজ মুসা করিম।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হালিমসহ সঙ্গীয় ফোর্স এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, ইউনিয়নের সকল মসজিদের খতিব-ইমাম, ছাত্র, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হযরত মাওলানা তরিকুল ইসলাম।
