ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে বিপ্লব হোসেন (২৩) নামের এক যুবক অভিনব কায়দায় প্রতারণা করে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে বলে অভিযোগ করেছে মোটরসাইকেল গ্যারেজ মালিক। গত শনিবার বিকেল তিন টার দিকে গাংনী হাসপাতাল বাজারে আনোয়ার হোসেনের গ্যারেজে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত বিপ্লবকে আটক করেছে গাংনী থানা পুলিশ। বিপ্লব হোসেন উপজেলার রুয়েরকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দিলাল এর ছেলে।
গাংনী হাসপাতাল বাজারের গ্যারেজ মালিক আনোয়ার হোসেন জানান, গতক শনিবার বিকেল তিনটার দিকে রুয়েরকান্দি গ্রামের বিপ্লব হোসেন নামের এক যুবক মোটরসাইকেল কেনার জন্য তার গ্যারেজে আসে। গ্যারেজে থাকা নীল রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি গাড়িটি দেখে তার পছন্দ হয়। উভয়ের মধ্যে আলোচনা ও দর কষাকষির এক পর্যায়ে এক লক্ষ ২৫ হাজার টাকা মোটরসাইকেলটির দরদাম চূড়ান্ত হয়।
ক্রেতা বিপ্লব হোসেন গাড়িটি একটু চালিয়ে দেখার প্রস্তাব রাখে। গ্যারেজ মালিক আনোয়ার হোসেন সরল মনে চাবিটি বিপ্লবের হাতে দেয়। বিপ্লব গাড়িটি চালিয়ে গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে রওনা দিয়ে আর ফিরে আসেনি। এঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে বিপ্লব ও তার পিতা-মাতার নামে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনী হাসপাতাল বাজারের গ্যারেজ থেকে প্রতারণা করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে মোটরসাইকেল উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে মাঠে নামে পুলিশ। অভিযুক্ত বিপ্লবকে আটক করা হয়েছে।
