ছবির ক্যাপশন:
প্রতিবেদক,আন্দুলবাড়ীয়া: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। সম্প্রতি নির্বাচনের মেয়াদ অতিবাহিত হলেও এখনো পর্যন্ত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হয়নি। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ব্যবসায়ী মহলে নির্বাচনের দাবিতে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৫ মে আন্দুলবাড়ীয়া বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটি ২০১৯ সালের ২৬ মে আনুষ্ঠানিকভাবে শপথ ও দায়িত্বভার গ্রহণ করে। গত বৃহস্পতিবার ২৬ মে তারিখে এ কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের নেই কোনো নির্বাচনী ভাবনা। এমনকি কমিটির কার্যকাল শেষ হলেও কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়নি। এনিয়ে ব্যবসায়ী মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
আন্দুলবাড়ীয়া বাজার কমিটি ১৯৭৩ সালের স্থাপিত হয়। গঠিত গঠনতন্ত্রের বিধি মোতাবেক ১/জ ধারা মোতাবেক কার্যনির্বাহী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০দিন পূর্বে ইউপি চেয়ারম্যান অথবা নির্বাচন কমিশনারকে অবহিত করতে হবে এবং নির্বাচন কমিশনের সহিত পরামর্শক্রমে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী কার্যক্রমে ব্যর্থ হলে নির্বাচন কমিশনার এডহক কমিটি বা ৯০দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন না করতে পারলে সাধারণ সভার আহবান করে সাধারণ ব্যবসায়ীগণের সিদ্ধান্ত মোতাবেক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আরও উল্লেখ থাকে যে, ১/ঝ ধারা মোতাবেক প্রাক্তন কমিটির ৩ বছর মেয়াদ পূর্তি হওয়ার সাথে-সাথে পরবর্তী কমিটির হাতে অথবা ইউপি চেয়ারম্যানের নিকট দায়িত্ব অর্পন করবেন।
এ ব্যাপারে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পদাধিকার বলে প্রধান নির্বাচন কমিশনার শেখ শফিকুল ইসলাম মোক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাজারের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিবেশ-পরিস্থিতি বজায় রাখতে খুব দ্রুত সময়ের মধ্যে একটি এডহক কমিটি গঠন করা হবে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদসহ নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
